জকসু নির্বাচন স্থগিতের পর নতুন তারিখ ৬ জানুয়ারি ঘোষণা

ঢাকাঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ স্থগিত করা হয়। গতকাল মঙ্গলবার সকালে জরুরি সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় গভীরভাবে শোকাহত। তবে পরবর্তী সময়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে নতুন ভোটগ্রহণের তারিখ ৬ জানুয়ারি ঠিক করা হয়েছে।

নির্বাচন স্থগিতের ঘোষণার পরপরই ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। তারা স্লোগান দিয়ে দাবি করেন, দীর্ঘ প্রতীক্ষিত এ নির্বাচন শেষ মুহূর্তে পণ্ড করা যায় না। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম জকসু নির্বাচন হিসেবে এটি শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল। বিক্ষোভকারীরা উপাচার্য ভবন ব্লকেড করে রাখেন এবং গতকালের মধ্যে ভোটগ্রহণের দাবি জানান। বিক্ষোভের মুখে বিকালে আরেকটি

জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, শিক্ষার্থীদের আবেগের প্রতি শ্রদ্ধাশীল থেকে দ্রুততম সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, নির্বাচনে অংশগ্রহণকারী চার প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থীরা সম্মিলিতভাবে ৪ দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো : নির্বাচন ৬ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত করা, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের কোনো সদস্যের পদত্যাগ না করা, নির্বাচন শেষে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া সিন্ডিকেট সদস্যদের পদত্যাগ এবং রাজনৈতিক চাপের অভিযোগে সংবাদ সম্মেলন করে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া। প্রশাসন তাদের আশ্বস্ত করেছে যে দাবিগুলো পূরণে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

বিক্ষোভের সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীনকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শিক্ষক সমিতি সংবাদ সম্মেলন করে জড়িত শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার মধ্যে সাময়িক বহিষ্কারের দাবি জানিয়েছে। সমিতির সভাপতি ড. মো. মোশাররফ হোসেন বলেন, সিসি ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে, নয়তো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে জবি শিক্ষক সমিতি গভীর শোক প্রকাশ করেছে। একইভাবে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির আসরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading