এইমাত্র পাওয়া

কর্মবিরতিতে মাধ্যমিক শিক্ষকরা পরীক্ষাও বন্ধ

নিউজ ডেস্ক।। দীর্ঘদিনের বঞ্চনা ও দাবি পূরণে সরকারের সাড়া না পেয়ে কঠোর আন্দোলনে নেমেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সহকারী শিক্ষক পদটি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরুর ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। কর্মবিরতির অংশ হিসেবে তারা চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখবেন। ২৪ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।

গতকাল রোববার শিক্ষা ভবনের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে তারা এ ঘোষণা দেন। এর আগে তাদের সংগঠন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এক বিজ্ঞপ্তিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিল।

আন্দোলনকারী মাধ্যমিক শিক্ষকরা বলছেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকাদের দীর্ঘদিনের অধিকার ও বঞ্চনার প্রেক্ষিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ ৯ম গ্রেডভিত্তিক (ক্যাডার) করার দাবি আমরা জানিয়ে আসছি। আমাদের অধিকার আদায়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ৪ দফা দাবি জানিয়েছি। এসব দাবি আদায়ে ‘কোনো ইনক্রিমেন্ট নেই কোনো কাজ নেই’, ‘মাধ্যমিকের নো গেজেট নো ওয়ার্ক’, ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ ইত্যাদি কর্মসূচি পালন করে আসছি। কিন্তু সরকারের তরফে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই দাবি আদায়ে সোমবার থেকে আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করছি।

তাদের চারটি দাবি হলো—এক. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক‍্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এর গেজেট প্রকাশ। দুই. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা। তিন. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া। চার. ২০১৫ খ্রিষ্টাব্দের আগের মতো সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন–সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

আন্দোলনকারী শিক্ষকরা  বলেন, আমাদের কর্মসূচির কারণে বিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে শিক্ষার্থী ও অভিভাবক মহলের কাছে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। সরকার আমাদের ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করলে আমরা পরবর্তীতে সমন্বয় করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনব।

শিক্ষকদের এই কর্মসূচি মাধ্যমিকের আসন্ন বার্ষিক পরীক্ষাকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। এতে মাধ্যমিকের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে বার্ষিক পরীক্ষার আগে আগে শিক্ষকদের এমন কঠোর কর্মসূচির বিপরীতে সরকারও কঠোর অবস্থানে যেতে পারে। ইতোমধ্যে প্রাথমিকের আন্দোলনকারী সহকারী শিক্ষকদের কড়া বার্তা দিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর। 

সমিতির একজন শিক্ষক নেতা বলেছেন, সরকার যদি তাঁদের দাবি পূরণ করে তাহলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেবেন এবং ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবেন। কিন্তু দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading