যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত পুরো ক্যাম্পাসজুড়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনায় বিশ্ববদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় যবিপ্রবির এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসের সামনে আমবটতলা মোড়ে ফটোকপির দোকানে যান। দোকানদার ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন। পরে ক্ষিপ্ত হয়ে যবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী ওই দোকানদারকে মারধর করেন। এসয় স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনার প্রতিবাদ করায় তাদের মধ্যে গোলযোগের সৃষ্টি হয়। যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হন। এক পর্যায়ে মাইকে ঘোষণা শুনে ব্যবসায়ীদের সাথে যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের পাশের তিন গ্রাম ইসলামপুর, শ্যামনগর ও সাজিয়ালির লোকজন।
উভয়পক্ষ লাঠিসোটা হাতে মুখোমুখি অবস্থান নেয়। দীর্ঘক্ষণ ধরে চলা যশোর- চৌগাছা সড়কের উপর ইট পাটকেল ছোড়াছুড়ি করে দুই পক্ষই। এতে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছে। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে গেলে; স্থানীয় ক্যাম্পাসের সামনের সড়কে টায়ার বেঞ্চ পুড়িয়ে দিয়ে বিক্ষোভ করে। এতে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় ফাঁড়ি, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, স্থানীয়রা শিক্ষার্থীদের উপর হামলা করেছে। অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে শুনেছি। গুরুতর আহত হয়েছে কিনা এই মুহূর্তে বলা সম্ভব যাচ্ছে না। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কি কারণে এ ঘটনাটি ঘটেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আহতের সংখ্যা বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
