টাইমস হায়ার র‌্যাঙ্কিং: ঢাকা বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ায় প্রথম ও বিশ্বে ৫২তম

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী উচ্চশিক্ষা মূল্যায়ন সূচকে আরেকটি সাফল্য অর্জন করেছে। দ্বিতীয়বারের মতো প্রকাশিত ‘টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়ে’ বিশ্বের ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ৫২তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০ নভেম্বর যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন ২০২৬ সালের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এ বছর বাংলাদেশের সরকারি ও বেসরকারি মোট ১২টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এ তথ্য জানিয়েছেন জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ।

মূল্যায়ন করা হয় যেভাবে

টাইমস হায়ার ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলোর বহুমাত্রিক ও আন্তবিষয়ক গবেষণা মূল্যায়নে বিশেষভাবে গুরুত্ব দেয়। এতে মূল তিনটি কাঠামোর ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়—ইনপুট: অর্থায়ন ও গবেষণা বিনিয়োগ; প্রক্রিয়া: সাফল্যের পরিমাপ, সুযোগ-সুবিধা, প্রশাসনিক সহায়তা ও প্রচার এবং আউটপুট: প্রকাশনা, গবেষণার মান, প্রভাব ও খ্যাতি। এই তিন কাঠামোর মধ্যে মোট ১১টি কর্মক্ষমতার সূচক অনুসরণ করে চূড়ান্ত র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

অবস্থান উন্নয়নে প্রচেষ্টা যাঁদের

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের লক্ষ্যে ১৬ সদস্যের একটি কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সার্বিক দিকনির্দেশনায় এই কমিটি কাজ করছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ। র‌্যাঙ্কিং কমিটিতে সদস্য হিসেবে আছেন সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুস সালাম, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন, আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সেলের পরিচালক অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ শাহাদৎ হোসেন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম রেজাউল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক সামসাদ মর্তূজা, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রাকিবুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক মো. শরীফ উল্ল্যাহ মজুমদার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাফর আহমেদ খান, রসায়ন বিভাগের অধ্যাপক মো. আহসান হাবীব, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান, আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. সাদিক সরোয়ার ও ডেপুটি রেজিস্ট্রার রাজিব মাহমুদ সামিম পারভেজ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading