এইমাত্র পাওয়া

৪৯ বিসিএস শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদের চূড়ান্ত ফল শীঘ্রই প্রকাশ

ঢাকাঃ ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত ৯ নভেম্বর শেষ হয়েছে।

এই বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদ পূরণের জন্য প্রার্থী বাছাই করা হচ্ছে। পিএসসি সূত্র জানিয়েছে, এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন এবং এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১ হাজার ২১৯ জন।

শিক্ষা ক্যাডারের জন্য বিশেষভাবে আয়োজিত এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২১ জুলাই এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর। পিএসসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক কোনো জটিলতা না থাকলে শীঘ্রই চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে।

পিএসসি আশা করছে, ফল প্রকাশের পর নিয়োগপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে, যাতে প্রার্থীরা সময়মতো দায়িত্ব গ্রহণ করতে পারেন। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিবছরের নভেম্বর মাসে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরের বছরের ৩০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করে একটি বার্ষিক রোডম্যাপ তৈরি করেছে।

পিএসসি বর্তমানে একই সঙ্গে তিনটি সাধারণ বিসিএসের কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে, যেখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ প্রার্থী। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এই পরীক্ষার মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার কর্মকর্তা এবং ১ হাজার ২২ জন নন-ক্যাডার প্রার্থী নিয়োগ পাবেন।

অন্যদিকে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়েছে এবং বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে। মূল্যায়ন শেষ হলেই মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে। এছাড়া, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ২৮ সেপ্টেম্বর রাতে, যেখানে ১০ হাজার ৬৪৪ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading