প্রাথমিকে শারীরিক শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

রাজশাহীঃ প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষার জন্য ঘোষিত সহকারী শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে শহরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন শারীরিক কলেজের শিক্ষকরা বক্তব্য দেন।

সালাম বিপ্লব বলেন, শিক্ষার্থীদের শারীরিক চর্চার পাশাপাশি সঙ্গীত শিক্ষার প্রয়োজনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক ও সংগীতের সহকারী শিক্ষকের পদ পুনর্বহাল করতে হবে।

তিনি বলেন, “প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত আমরা কিছুদিন অপেক্ষা করব। এর মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেব।”

দ্রুত পদগুলো পুনর্বহাল করা না হলে, সারাদেশে আন্দোলনের ডাক দেওয়া হবে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার মতো কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষক সালাম বিপ্লব।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে সাহেববাজারে গিয়ে শেষ হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.