এইমাত্র পাওয়া

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ১০ সদস্যের কমিটি গঠন

ঢাকাঃ প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার পর এবার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বে ১০ সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

এর আগে গত বছরের অক্টোবরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বে ৯ সদস্যের কমিটি গঠন করেছিল। সেই কমিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বৃদ্ধি, সহকারী শিক্ষকের পদ বিলুপ্ত করে নতুন পদবি তৈরিসহ শতাধিক সুপারিশ করেছিল। তবে অধিকাংশ সুপারিশ এখনও বাস্তবায়িত হয়নি।

নতুন কমিটিকে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, ব্যবস্থাপনা কাঠামো উন্নয়ন এবং শিক্ষাদান কার্যক্রমের উৎকর্ষ সাধনে সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২১ অক্টোবর কমিটি গঠন করা হলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে। কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মোর্শেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শাহেদা ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক), ঢাকা অঞ্চলের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মো. মুসা মিয়া, শেরেবাংলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান এবং আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (সরকারি মাধ্যমিক অধিশাখা)।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading