এইমাত্র পাওয়া

এমপিওভুক্তির প্রজ্ঞাপন না এলে  ঢাকামুখী আন্দোলনের ঘোষণা

বরিশাল প্রতিবেদক:

বরিশাল বিভাগে নন-এমপিও শিক্ষকদের বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সরকারের প্রতি দ্রুত এমপিওভুক্তির প্রজ্ঞাপন জারির আহ্বান জানান। বক্তারা বলেন, “প্রয়োজনে শুক্রবার-শনিবারের মধ্যেই এমপিওভুক্তির প্রজ্ঞাপন দিতে হবে, অন্যথায় ২ নভেম্বর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে শিক্ষকরা ঢাকায় আসতে বাধ্য হবেন।”

সভায় সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিঞা। তিনি তার বক্তব্যে বলেন,“শিক্ষকরা আজ মানবিক সংকটে রয়েছেন। বারবার আশ্বাস দিয়েও সরকার এখনো প্রজ্ঞাপন দেয়নি। তাই আর সময়ক্ষেপণ নয়—এখন দাবি না মানলে রাস্তায় নামতেই হবে।”

সভায় আরো বক্তব্য দেন —অধ্যক্ষ নাজমুছ শাহাদাত আজাদী, মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, সহ সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক প্রভাষক গোলাম মোস্তফা, সমন্বয়ক সহ প্রধান শিক্ষক এনামুল হক, সমন্বয়ক সহকারী শিক্ষক জাহিদ হোসেন, সমন্বয়ক প্রধান শিক্ষক হবিবুর রহমান বাবুল।

সভা উদ্বোধন করেন অধ্যক্ষ মোঃ মাসুদ আলম বাবুল, সমন্বয়ক ও হাজি আক্কেল আলি হাওলাদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

সভায় বরিশাল বিভাগের সকল জেলার সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন, যদি সরকার নির্ধারিত সময়ের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশ না করে, তবে বিভাগীয়ভাবে আন্দোলন আরও বেগবান করা হবে এবং ২ নভেম্বর থেকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একযোগে ঢাকামুখী যাত্রা শুরু হবে।

সভায় বক্তারা বলেন, “দেশের শিক্ষার মানোন্নয়নে নন-এমপিও শিক্ষকরা দীর্ঘদিন ধরে কাজ করছেন। অথচ তাদের প্রতি সরকারের উদাসীনতা চরমে পৌঁছেছে। এখন আর আশ্বাস নয়—চাই বাস্তব পদক্ষেপ।”

সভা শেষে শিক্ষকদের পক্ষ থেকে দ্রুত এমপিওভুক্তির প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের দীর্ঘদিনের অব্যাহত দুর্ভোগের অবসান ঘটানোর দাবি জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading