নিজস্ব প্রতিবেদক:
স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তিকরণের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক হয়।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষা সচিব জনাবা রেহানা পারভীন এবং সঞ্চালনা করেন অতিরিক্ত সচিব জনাব মিজানুর রহমান। উপস্থিত ছিলেন যুগ্ম সচিব হেলালুজ্জামান, উপ-সচিব সাইয়াদ জেড এম মোর্শেদ হাসান, সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিঞা, মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুস সাহাদাৎ আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক, সহ-সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. ইমরান বিন সুলাইমান, সমন্বয়ক অধ্যক্ষ মো. বাকি বিল্লাহ, মো. এরশাদুল হক, অধ্যক্ষ মো. মিজানুল হক মামুন, অধ্যাপক রায়হান কবির মিঠু, অধ্যাপিকা হোসনেয়ারাসহ ডিগ্রি ও অনার্স-মাস্টার্স শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
সভায় প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিঞা বলেন, “বিগত প্রায় এক বছর ধরে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবি জানিয়ে আসছে। গত ১১ মার্চ ১৭ দিনব্যাপী অবস্থান কর্মসূচির সময় তৎকালীন সিনিয়র শিক্ষা সচিব মে মাসে প্রজ্ঞাপন ও জুলাই থেকে বেতন প্রদানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রায় এক বছর আগে এমপিওভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই সময়ক্ষেপণ না করে আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় আগামী ২ নভেম্বর থেকে দেশের সব নন-এমপিও প্রতিষ্ঠান তালাবদ্ধ করে শিক্ষক-কর্মচারীরা ঢাকায় এসে রাজপথে নামতে বাধ্য হবে।”
সভায় অন্যান্য বক্তারাও দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে বলেন, শিক্ষকরা আর আশ্বাসে বিশ্বাস করতে চান না।
এসময় শিক্ষা সচিব জনাবা রেহানা পারভীন শিক্ষক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জানান, আগামী সপ্তাহে এমপিও কমিটির চূড়ান্ত সভা আহ্বান করে প্রজ্ঞাপন জারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অতিরিক্ত সচিব জনাব মিজানুর রহমান শিক্ষক নেতাদের আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানান।
তবে শিক্ষক নেতারা জানান, “পূর্বের আশ্বাসগুলো বাস্তবায়ন হয়নি। তাই এবার আমরা আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ চাই।”
তারা ২ নভেম্বর থেকে পূর্বঘোষিত ‘ডু অর ডাই’ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা পুনর্ব্যক্ত করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
