নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর প্রেসক্লাবে পুলিশের জলকামান নিক্ষেপ, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত হওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে আহত শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের তাসনিম জারা বলেন, আহতদের অনেকেই কানে শুনতে পারছেন না, কারও মাথায়, হাতে বা পায়ে গুরুতর আঘাত রয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষকদের ওপর এমন হামলা অত্যন্ত লজ্জাজনক। এটি দ্রুত তদন্ত করে দায়ীদের বিচার করতে হবে। যে দাবি ইতোমধ্যে ২৮ জানুয়ারি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণের দাবিতে শিক্ষকদের আবার আন্দোলনে নামতে হচ্ছে এটি অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের অবহেলা বা নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষকদের তো ক্লাসরুমে থাকার কথা, তাদের তো রাস্তায় থাকার কথা নয়। সরকার যেই প্রতিশ্রুতি একবার দিয়েছে, সেটি বাস্তবায়ন করতে আবার মাঠে নামতে হচ্ছে এটি সত্যিই বেদনাদায়ক।
তাসনিম আরও বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবেও যেসব বিষয় রয়েছে, সেগুলোর বাস্তবায়নের জন্য আলাদা করে কথা বলতে হচ্ছে। এটা তো হওয়ার কথা নয়। যেই পরিকল্পনা বা সংস্কার নিয়ে ঐকমত্য আছে, সেটির বাস্তবায়নের জন্য আবার নতুন করে অবস্থান নিতে হচ্ছে। অথচ বাস্তবায়নের জন্যই তো কমিশন করা হয়েছিল। এই ধারাবাহিকতায় যেখানে পরিকল্পনা হয় কিন্তু বাস্তবায়নের কোনো রূপরেখা থাকে না সেখান থেকেই অস্থিতিশীলতা তৈরি হয়। এটি অত্যন্ত দুঃখজনক।
এসময় এনসিপির আরেক নেতা বলেন, গত দেড় বছরে আমরা এই শিক্ষকদের বিষয়ে সব মন্ত্রণালয়কে অনুরোধ করেছি, তারা যেন নিজেরা উদ্যোগ নিয়ে আলোচনা করে সমাধান করেন। কিন্তু তারা শুনছেন না বলেই আজ আমাদের শিক্ষকদের পাশে এসে দাঁড়াতে হচ্ছে।
শিক্ষাবার্তা /এ/৩০/১০/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
