এইমাত্র পাওয়া

শিক্ষকদের ওপর হা ম লার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ

নড়াইলঃ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিপেটা ও জলকামান নিক্ষেপের ঘটনায় নড়াইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় পুরাতন বাসটার্মিনাল এলাকায় নড়াইলের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শত শত শিক্ষক-কর্মচারী এবং শিক্ষানুরাগীরা এ কর্মসূচি পালন করেন।

‘শিক্ষক লাঞ্ছনা কেন, রাষ্ট্র জবাব চাই’ এবং ‘শিক্ষকদের ওপর হামলা, মানি না মানব না’— এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে নড়াইলের রাজপথ।

 বিক্ষোভ মিছিলটি পুরাতন বাসটার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, জাতি গঠনের কারিগর শিক্ষকদের ওপর এমন অমানবিক হামলা দেশের শিক্ষাব্যবস্থার জন্য এক কলঙ্কজনক অধ্যায়। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তারা বলেন, দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন শিক্ষকরা। কিন্তু তাদের ওপর পুলিশি হামলা হয়েছে— এটি শিক্ষক সমাজের আত্মমর্যাদার ওপর সরাসরি আঘাত। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এর বিচার চাই।

 সমাবেশে বক্তৃতা করেন শিক্ষকনেতা আব্দুর রশিদ, সৈয়দ মেজবাহ উদ্দিন, মো. শাকায়াৎ হোসেন, ফরহাদ জগলুল, মো. আফসারুল, ড. খিজির আহম্মেদ, মো. নাসির উদ্দিন ও মো. এনামুল প্যাভেল প্রমুখ।

বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে অবহেলিত। এখন তাদের লাঞ্ছিত করা হচ্ছে— এটি মেনে নেওয়া যায় না। শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.