নিজস্ব প্রতিবেদক।।
পুলিশ পরিচয়ে ফোন দেওয়া প্রতারকদের নতুন কৌশল। তারা প্রযুক্তির সহায়তায় প্রতারককে শনাক্তের চেষ্টা করছেন। – হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া
‘থানা থেকে ওসি বলছি, আপনার মোবাইল হ্যাকড হয়েছে’
‘আমি থানার ওসি বলছি। আপনার মোবাইল ফোন হ্যাকড হয়েছে। আমাদের সাইবার টিম এটা নিয়ে কাজ করছে। হ্যাকারের পরিচয় শনাক্ত করতে আপনার হোয়াটসঅ্যাপে একটি লিংক পাঠানো হয়েছে, সেখানে ক্লিক করুন।’
এমন ফোন পেয়ে ঘাবড়ে গিয়ে কথামতো লিংকে ঢোকেন মোবাইলের মালিক। এরপর ফোনের মালিক জানতে পারেন, তার নম্বর থেকে পরিচিত বন্ধু, সহকর্মী ও স্বজনদের কাছ থেকে তার নাম করে টাকা চাওয়া হচ্ছে। যখন বুঝতে পারেন তিনি হ্যাকিংয়ের শিকার হয়েছেন, ততক্ষণে দেরি হয়ে গেছে তার।
মোবাইলে এমন প্রতারণা শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন। গত ১৭ সেপ্টেম্বর তার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করা হয়। হ্যাকড হওয়ার পর থেকেই তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিভিন্নজনের কাছে টাকা চাওয়া হচ্ছে। এ ঘটনায় হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন অধ্যাপক কামাল উদ্দিন।
জানতে চাইলে অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয়ে একজন তার হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেন। পরে তার হোয়াটসঅ্যাপ নম্বরে একটা লিংক পাঠানো হয়। তিনি এই লিংকে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তার হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড হয়। এরপর এ নম্বর থেকে বিভিন্নজনের কাছে টাকা চাওয়া হয়। তখনই তিনি হ্যাকড হওয়ার বিষয়টি টের পান।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, পুলিশ পরিচয়ে ফোন দেওয়া প্রতারকদের নতুন কৌশল। তারা প্রযুক্তির সহায়তায় প্রতারককে শনাক্তের চেষ্টা করছেন।
শিক্ষাবার্তা /এ/০৮/১০/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
