কুমিল্লাঃ কুমিল্লার আদর্শ সদর, লাকসাম ও দেবিদ্বার উপজেলার বহু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে দীর্ঘদিন ধরে পাঠদান চলছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বিকল্প ভবনের অভাবে শিক্ষকরা বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনেই ক্লাস নিতে হচ্ছে। এ অবস্থায় শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
১৯৯০-এর দশকে নির্মিত সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপুর বন্দিশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবিদ্বারের ভানী ইউনিয়নের ভানী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লাকসামের উত্তরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস এসব ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও এখনো সংস্কার বা নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সম্প্রতি শাহপুর বন্দিশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ছাদ থেকে পলেস্তার খসে এক শিক্ষার্থীর গায়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষকরা জানান, প্রতিদিন ক্লাস নেওয়ার সময় ভবন ধসের ভয় নিয়ে কাজ করতে হয়। এ বিষয়ে তারা একাধিকবার কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছেন।
অভিভাবকদের অভিযোগ, এলজিইডির নিম্নমানের নির্মাণকাজের কারণেই এসব ভবন দ্রুত পরিত্যক্ত হয়ে পড়েছে। সন্তানদের স্কুলে পাঠিয়ে তারা সবসময় দুশ্চিন্তায় থাকেন। তাদের আশঙ্কা—প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্প হলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
প্রধান শিক্ষকরা বলেন, বারবার আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এর ফলে শিক্ষার্থীদের উপস্থিতি কমছে, এবং আতঙ্কের মধ্যেই পড়াশোনা চলছে।
শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, বরাদ্দ পেলেই নতুন ভবন নির্মাণ করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের প্রাথমিক প্রতিবেদন ইতোমধ্যে তৈরি হয়েছে।
শিক্ষাবিদদের মতে, সঠিকভাবে নির্মিত সরকারি ভবন অন্তত ১০০ বছর স্থায়ী হতে পারে। তারা শিশুদের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল জানান, কুমিল্লায় কতগুলো প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ—তার সুনির্দিষ্ট সংখ্যা জানা নেই। তবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠিয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
