এইমাত্র পাওয়া

উচ্চমাধ্যমিকে যে ৩ বিষয় বাধ্যতামূলক হচ্ছে

শিক্ষায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের মার্চের মধ্যে শিক্ষাক্রম চূড়ান্ত করে পর্যায়ক্রমে ২০২৫ সালে গিয়ে উচ্চমাধ্যমিক পর্যন্ত পুরোপুরি শিক্ষাক্রম বাস্তবায়িত হবে। জানা গেছে, পরিকল্পনা পাস হলে ২০২৫ সাল থেকে একাদশ শ্রেণিতে গিয়ে একজন কোন শাখায় (বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা) পড়বে, তা ঠিক হবে। তখন উচ্চমাধ্যমিকে ৬টি বিষয়ে ১২টি পত্র থাকবে। এর মধ্যে বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি—এই ৩টি বিষয় সবার জন্য বাধ্যতামূলক হবে।

একই সঙ্গে একজন শিক্ষার্থী তার পছন্দের শাখার ৩টি বিষয় নেবে, যার প্রতিটির জন্য ৩টি পত্র থাকবে। যেমন বিজ্ঞানের ৩টি বিষয় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানের প্রতিটির জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয়পত্র থাকবে। বাধ্যতামূলক ওই ৩টি পত্র এবং শাখার প্রতিটি বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা হবে একাদশ শ্রেণিতে। এই পরীক্ষা হবে শিক্ষা বোর্ডের অধীনে। এই পরীক্ষার নম্বর বোর্ডে সংরক্ষিত থাকবে। এরপর দ্বাদশ শ্রেণিতে সংশ্লিষ্ট শাখার প্রতিটি বিষয়ের বাকি ২টি করে মোট ৬টি পত্রের পরীক্ষা হবে।

এই পরীক্ষার নম্বর ও একাদশ শ্রেণিতে সংরক্ষিত নম্বর মিলিয়ে চূড়ান্ত হবে একজন শিক্ষার্থীর উচ্চমাধ্যমিকের ফল। শাখার বিষয় নির্বাচনে কিছু নমনীয়তা দেখানোর চিন্তাও আছে। এটি হলে একজন শিক্ষার্থী চাইলে তার মূল শাখার ২টি বিষয়ের সঙ্গে অন্য শাখার আরেকটি বিষয় নিতে পারবে। এনসিটিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ২টি পরীক্ষা হলেও কার্যত পরীক্ষার্থীদের ওপর চাপ কমবে। এখন উচ্চমাধ্যমিকে যে কয়টি বিষয়ের পরীক্ষা একসঙ্গে হয়, সেটাই একাদশ ও দ্বাদশে ভাগ করে নেওয়া হবে।

এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান গণমাধ্যমকে বলেন, অনেকগুলো বিষয় নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে। আগামী ফেব্রুয়ারি ও মার্চে শিক্ষাক্রম চূড়ান্ত হবে। তখন বিষয়গুলো আরও পরিষ্কার হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.