মেট্রোরেল-ট্রেনে দাঁড়ানো যাত্রী ও শিক্ষার্থীদের হাফভাড়া চেয়ে রিট

ঢাকাঃ বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ট্রেনে দাঁড়ানো যাত্রীদের শতভাগ স্ট্যান্ডিং টিকিট পুনরায় চালুর নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে ট্রেনে ও মেট্রোরেলে শিক্ষার্থী ও দাঁড়ানো যাত্রীদের হাফভাড়া নির্ধারণে নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং মানবাধিকারকর্মী মু. আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এই রিট আবেদ দায়ের করেন।

রিটে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ((ডিএমটিসিএল)) ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়টি নিশ্চিত করে মু. আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, মোট ১৩টি বিষয়ে রুল ও নির্দেশনা জারির জন্য চাওয়া হয় জনস্বার্থে। এগুলো হলো- (১) ট্রেনে দাঁড়ানো যাত্রীদের ১০০ শতভাগ স্ট্যান্ডিং টিকিট পুনরায় চালু; (২) ছাত্র-ছাত্রী ও দাঁড়ানো যাত্রীদের হাফভাড়া নির্ধারণ; (৩) রেলওয়ে স্টেশনে স্থাপিত ভেন্ডিং মেশিনে অতিরিক্ত চার্জ না কাটা; (৪) যাত্রীবান্ধব করতে ও ভিড় কমাতে ট্রেনে পর্যাপ্ত সংখ্যক বগি বৃদ্ধি; (৫) সিডিউল অনুযায়ী সঠিক সময়ে ট্রেন পরিচালনা; (৬) স্টেশনে মোবাইল চার্জিং পয়েন্ট স্হাপন; (৭) দুর্নীতি রোধে আন্তঃনগর ট্রেনে টিটিই এর পরিবর্তে ট্রাফিক পুলিশের সার্জেন্টের অনুরূপ সংশ্লিষ্ট বগির এটেনডেন্টকে স্ট্যান্ডিং টিকিট বিক্রির দায়িত্ব প্রদান পূর্বক ৭ শতাংশ কমিশন প্রদানের মাধ্যমে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত টিকিট ব্যবস্থা চালু; (৮) ‘শক্তি যার সিট তার’ জনগণের স্বঘোষিত স্লোগান বাতিল করতে তৎকালীন টাঙ্গাইল কমিউটার ট্রেনের অনুরূপ জনস্বার্থে অসুস্থ ও স্টেশনে আসা সম্মুখসারির যাত্রীদের নরসিংদী কমিউটারসহ সব কমিউটার ট্রেনে অনলাইনে/ অফলাইনে সিট বুকিং; (৯) মেট্রোরেলে শুধু মাগরিবে নামাজের স্থান নির্ধারণ ও (১০) মেট্রোরেলে পাবলিক টয়লেটের ইজারা বাতিল করা; (১১) কমলাপুর রেলওয়ে স্টেশনের জয়দেবপুরের কাউন্টারে নরসিংদীর টিকিট বিক্রি করা; (১২) তিতাস কমিউটার ট্রেনের টয়লেটে নিয়মিত পর্যাপ্ত পানি ও পাত্র রাখখা এবং (১৩) স্টেশনে চলন্ত ট্রেন থামার সময় যাত্রীদের ট্রেনে ওঠানামার মুহূর্তে সৃষ্ট দুর্ঘটনা রোধে শ্রীনিধিসহ দেশের সব রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের মধ্যে অবস্থিত অবৈধ দোকানপাট উচ্ছেদপূর্বক বাউন্ডারির বাইরে স্থাপন করতে কেন নির্দেশনা দেওয়া হবে না।

এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে আগামী সপ্তাহে শুনানি হতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি, মহান আল্লাহপাকের সন্তুষ্টি অর্জনে জনস্বার্থে এমন কিছু ভালো কাজ করে যেতে হবে, যেন মৃত্যুর পর সদকায়ে জারিয়া হতে থাকে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.