ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ১৩ ঘণ্টা পর পর্যন্ত ২১টি হলের মধ্যে ১৪টির গণনা সম্পন্ন হয়েছে। বাকি সাতটি হলের গণনা চলছে।
শুক্রবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার পরিকল্পনা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তির কারণে শেষ পর্যন্ত হাতে গণনা করা হচ্ছে। এ কারণে ভোট গণনায় দেরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুপুরের মধ্যে সব হলের ভোট গণনা শেষ হবে। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। হাতে গণনার কারণে এ প্রক্রিয়াতেও সময় লাগবে। গণনায় দায়িত্বে থাকা শিক্ষকরা বলছেন, সন্ধ্যার পর জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা করা সম্ভব হতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোটকেন্দ্রের সারিতে থাকা শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের পরও ভোট দিতে পেরেছেন। ভোট শেষ হওয়ার পর ২১টি হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত সাড়ে ১০টার দিকে গণনা শুরু হয়।
এদিকে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেলও নির্বাচন বর্জন করেছে। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভোট থেকে সরে দাঁড়ান।
প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেল পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
