এইমাত্র পাওয়া

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা

ঢাকাঃ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশে ভর্তিতে তিন ধাপে নেওয়া আবেদনের ফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই ফলাফলে যারা কলেজে নির্বাচিত হয়েছে, তাদের চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে আজ রোববার (৭ সেপ্টেম্বর) থেকে। ভর্তি কার্যক্রম চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, কলেজগুলো এখন আবেদনের পোর্টালে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবে। লগইন করে বাঁ দিকের মেনুতে ‘Download Reports’-এ ক্লিক করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে যারা নিশ্চায়ন করেছে, তাদের নিজ নিজ কলেজে গিয়ে ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তির কার্যক্রম ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন অথবা মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ ভর্তির ওয়েবসাইটে লগইন করে ডাউনলোড করা যাবে। এ কপি নিয়ে কলেজে গিয়ে ফি জমা দিলে ভর্তি সম্পন্ন হবে। ভর্তি শেষে ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

ভর্তি ফি ও সেশন চার্জ
চলতি বছরের ভর্তি নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা, জেলায় ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্‌সলে দেড় হাজার টাকা।

নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা, ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ভার্সনে ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলায় বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা এবং উপজেলা ও মফস্‌সলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।

ভর্তির পর কলেজ পরিবর্তনের নিয়ম
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্ব অনুমতি ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তির পর কোনো শিক্ষার্থীর ছাড়পত্র (টিসি) ইস্যু করা যাবে না। কিংবা বোর্ডের পূর্বানুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের বরাতে ভর্তি করা যাবে না। ছাড়পত্রের (টিসি) মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কলেজ বা সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এ ধরনের ভর্তিকৃত ছাত্র–ছাত্রী ভর্তির ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.