শিক্ষক-শিক্ষার্থী মিলেই নতুন জ্ঞানের সৃষ্টি করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

টাঙ্গাইল: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, জ্ঞান বিতরণেরও স্থান। শিক্ষক-শিক্ষার্থীদের মিলেই নতুন জ্ঞানের সৃষ্টি করতে হবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শুধু নিজে শিক্ষিত হলেই দায়িত্ব শেষ হয় না, বরং আমার দ্বারা সমাজ ও দেশ কী পেল তা নিয়েও ভাবতে হবে।’

বুধবার (৩ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি নবীনদের উদ্দেশে বলেন, ‘যার নামে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, সেই মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ বুকে ধারণ করতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের। শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে, নইলে চোরাবালিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি থাকে।’

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভিন্ন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান (ইঞ্জিনিয়ারিং অনুষদ), অধ্যাপক ড. আবু জুবাইর (লাইফ সায়েন্স অনুষদ), অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী (বিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার (বিজনেস স্টাডিজ অনুষদ) ও অধ্যাপক ড. নাজমুস সাদেকীন (সামাজিক বিজ্ঞান অনুষদ)।

নবীন বরণ আয়োজন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. ফজলুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক ড. মোছা. নুরজাহান খাতুন। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন শাহ মাহিন চৌধুরী ও ফারিহা মেহজাবিন আদিবা। শুরুতে ফুল দিয়ে নবীনদের বরণ করা হয়।

এর আগে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৯/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.