জাবির নারী শিক্ষার্থীকে হে নে স্তা, ২৫ বাস আটক

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগে ২৫টি বাস আটক করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম হালিমা আক্তার, তিনি লোকপ্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

জানা যায়, টিউশন শেষে সাভার থানা স্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠতে গেলে হেলপার তাকে ওঠাতে অস্বীকৃতি জানান। পরে জোর করে বাসে উঠলেও চালক ও হেলপার তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে নামার সময় ওই হেলপার ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে আহত হন।

সহপাঠীরা প্রথমে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানী পরিবহনের ২৫টি বাস আটকে রাখে শিক্ষার্থীরা

ভুক্তভোগীর এক সহপাঠী ক্ষোভ প্রকাশ করে বলেন, যে হেলপার আপুকে ধাক্কা দিয়েছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি পরিবহন কর্তৃপক্ষকে লিখিত মুচলেকা দিতে হবে যেন আর কোনো শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের আচরণ না করে। এছাড়া হালিমার চিকিৎসার খরচ বাবদ ক্ষতিপূরণও দিতে হবে।

রাজধানী পরিবহনের এক কর্মকর্তা জানান, আমাদের একটি বাসের হেলপার শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে বলে শুনেছি। এরপর শিক্ষার্থীরা কয়েকটি বাস আটকে রেখেছে। আমরা সংশ্লিষ্ট হেলপারকে শনাক্ত করার চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। একজন মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া দুঃখজনক। আগামীকাল বাস মালিকপক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসবেন বলে জানা গেছে। তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৯/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.