রাবিতে রাকসু নির্বাচনে উত্তেজনা, শিক্ষার্থীদের প্রতিরোধে মুখে ছাত্রদল

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়েছে শাখা ছাত্রদল।

রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে চেয়ার-টেবিল ভাঙচুর করতে দেখা যায়। এতে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করতে পারেনি।

বেলা ১১টার দিকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন শিক্ষার্থী। তারা তালা খুলতে ছাত্রদল নেতাদের অনুরোধ করলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সেখানে উপস্থিত হন সাবেক সমন্বয়ক মাহায়ের ইসলামসহ কয়েক শত শিক্ষার্থী ও মনোনয়ন প্রত্যাশী। তাদের প্রতিরোধের মুখে পড়ে শাখা ছাত্রদল। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

দুপুর ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ বিষয়ে জানতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম, প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানকে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.