শিক্ষাবার্তা ডেস্ক।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেছেন। তাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরাও।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে করে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকায় সৃষ্টি হয় যানজট।
তিন দফা দাবি ছাড়াও বুয়েটের সাবেক ছাত্র প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। তীব্র গরমের কারণে বেশিরভাগ শিক্ষার্থী ছাতা নিয়ে এসেছে।
গতকাল ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির ঘোষণা করেন বুয়েট শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ তারা শাহবাগ অবরোধ করেন।
বুয়েটের সাবেক ছাত্র রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রকৌশল খাতে সংস্কারের জন্য কমিশন গঠন করে তিন দফা বাস্তবায়নের কথা বলছেন তারা।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:
১. নবম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে।
২. দশম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
শিক্ষাবার্তা /এ/২৬/০৮/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
