অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীর একত্রে কাজ করার আহবান- সচিব আব্দুস সাত্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো শিক্ষা বছরের অন্যতম আকর্ষণীয় আয়োজন বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫। একাডেমিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সাফল্যে অনন্য অবদান রাখা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও প্রতিষ্ঠানের এডহক কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব এ.বি.এম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য জনাব মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আ.ন.ম শামসুল আলম খান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হয়ে নিজেদের সর্বাঙ্গীণ বিকাশে মনোযোগী হওয়ার আহবান জানান। তিনি বলেন, “শিক্ষকরা সমাজের দর্পণ। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি চরিত্র গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানের সুনাম আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথি মো: জাকির হোসেন তাঁর বক্তব্যে ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ইতিহাস তুলে ধরে বলেন, এগুলো জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জনে কঠোর পরিশ্রমের পরামর্শ দেন এবং পুরস্কারপ্রাপ্তদের ভবিষ্যত জীবনে সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম শামসুল আলম খান প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং যারা এবার পুরস্কার পায়নি তাদের আগামীতে সাফল্যের জন্য অধ্যবসায়ী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে একাডেমিক ক্ষেত্রে ২৯০ জন, ক্রীড়া ক্ষেত্রে ১৬৩ জন, সাংস্কৃতিক ক্ষেত্রে ১৭৬ জন এবং কো-কারিকুলার ক্ষেত্রে ৫৯ জনসহ মোট ৬৮৮ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অভিভাবক, শিক্ষক ও অতিথিদের মুগ্ধ করে।

পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থীদের সাফল্য ও অনুপ্রেরণার এক মিলনমেলায় রূপ নেয়। অতিথিবৃন্দের উৎসাহব্যঞ্জক বক্তব্য এবং পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের নতুন উদ্যমে পড়াশোনা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে প্রেরণা যোগাবে বলে অভিভাবকরা আশা প্রকাশ করেন।

সঞ্চালনায় ছিলেন  শেখ  আব্দুল জব্বার জয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.