ঢাকাঃ চলতি আগস্ট মাস থেকে এমপিও-এর অর্থ ইএফটি-তে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান মাসভিত্তিক এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট করবেন। এ ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ইএফটিতে শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি তাদের হিসাব নম্বরে পাঠানো হতো। তবে আগস্ট মাস থেকে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে প্রাপ্য এমপিও- এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে প্রতিষ্ঠান প্রধানকে। চলতি মাসের বেতন পেতে আগামী ২৩ আগস্টের মধ্যে বিল সাবমিট করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের।
বুধবার (২০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।
অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও-এর অর্থ গত ১ জানুয়ারি ২০২৫ থেকে ইএফটিতে পাঠানো হচ্ছে এবং জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, আগস্ট মাস থেকে এমপিও-এর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মাসভিত্তিক এমপিওভুক্ত জনবলের বিলসাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে, প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগ-ইন করে বিল সাবমিট করতে হবে। এক্ষেত্রে, সংযুক্ত নির্দেশিকা অনুসারে তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও-এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। দাখিল করা বিলের একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি স্বাক্ষর করে নিজ প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিল করা তথ্য অনুসারে এমপিও এর অর্থ ইএফটিতে শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হবে।
প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধিমোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনও কারণে বিধিমোতাবেক কোনও শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন/বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন। শিক্ষক-কর্মচারীর এমপিও-এর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়ার কারণে কোনও শিক্ষক-কর্মচারীর এমপিও-এর অর্থ ইএফটিতে পাঠানো না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।
উল্লেখ্য, প্রতি মাসে যথাসময়ে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক-কর্মচারীদের এমপিও-এর অর্থ ইএফটিতে পাঠানো হবে না।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
