ঢাকাঃ ২০২৫ খ্রিষ্টাব্দে এসএসসি পরীক্ষার প্রধান প্রশ্নপত্র প্রণেতা (সেটার) ও পরিমার্জনকারী (মডারেটর) তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ দেয়ার জন্য বিষয়ভিত্তিক শিক্ষকদের নামের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। প্রতিটি বিষয়ের ২ জন যোগ্য শিক্ষক নিবার্চন করে ২ কর্ম দিবসের মধ্যে নাম পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।
রোববার ( ১৭ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার সেটার ও মডারেটর তৈরির লক্ষ্যে বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা উন্নয়ন ইউনিট প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করবে।
প্রশিক্ষণের বিষয়গুলো হচ্ছে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিংসহ সব বিষয়ে শিক্ষক মনোনয়ন দিতে হবে।
প্রশিক্ষণের জন্য শিক্ষক মনোনয়নের ক্ষেত্রে বেশ কিছু মানদন্ড বিবেচনা করতে হবে- এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে দুইটি ১ম বিভাগ,শ্রেণি,সমমানের জিপিএ, সিজিপিএ অগ্রাধিকার পাবে। সংশ্লিষ্ট বিষয়ে পাঠদানে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের অভিজ্ঞতা । নূন্যতম ১৫ বছর চাকরি অবশিষ্ট থাকতে হবে। ১২ দিনের সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়নের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মনোনয়ন দেয়া যাবে না।
উল্লিখিত মানদন্ডের ভিত্তিতে প্রতি বিষয়ের ২ জন শিক্ষক নির্বাচন করে নির্ধারিত ছক আকারে ২ কর্মদিবসের মধ্যে প্রশিক্ষণার্থীদের নামের তালিকার হার্ডকপি ও সফটকপি (নিকস ও এক্সেল ফরমেট) ইমেইলে controller@dhakaeducationboard.gov.bd পাঠানোর জন্য বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
