কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষকদের সনদ যাচাইয়ের জরুরি নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সকল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের জরুরি নির্দেশ দিয়েছেন ইউএনও এ এস এম মোসা।

সোমবার উপজেলা আইনশৃংখলা সভায় বক্তব্যের মাধ্যমে ইউএনও সভায় উপস্থিত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে উদ্দেশ্য করে এ নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মোসা জানান, নতুন বছরে সবকিছুর ঊর্ধ্বে থেকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উপজেলার শিক্ষা সেক্টরের নানা অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে শুদ্ধি অভিযান চালাবেন। তিনি বিশেষ করে উপজেলার বিভিন্ন এলাকায় যত্রতত্র গড়ে উঠা কিন্ডারগার্টেন স্কুলগুলোর নানা বিষয় খতিয়ে দেখার ব্যাপারেও কঠোর ঘোষণা দেন।

ইউএনও আরো বলেন, উপজেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা সেক্টরে অনিয়ম মেনে নেওয়া হবে না। আইনশৃঙ্খলা সভায় উপস্থিত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ’কে উদ্দেশ্য করে ইউএনও বলেন, ‌‘আপনি উপজেলার সকল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যাচাইয়ের ব্যবস্থা গ্রহণ করেন। এ ধরনের কোন প্রতিষ্ঠানে অনিয়ম পেলে ব্যবস্থা নিন।’

উপজেলা প্রশাসনপাড়ায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ফারজানা প্রিয়াঙ্কা, সরাইল থানার পরিদর্শক (তদন্ত ) মোঃ নুরুল হক প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.