রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে শিক্ষার্থীদের পথনাটক

সিরাজগঞ্জঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে পথনাটক ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনের মহাসড়কে তারা এ কর্মসূচি পালন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সংহতি প্রকাশ করেন।

শিক্ষার্থীদের দাবি, প্রতিষ্ঠার দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৎসামান্য অঙ্কের ডিপিপি কেন অনুমোদন হচ্ছে না?

পথ নাটক সম্পর্কে জানতে চাইলে একজন শিক্ষার্থী বলেন, “এটি আমাদের প্রতিবাদের অন্যতম হাতিয়ার। আমরা মহাসড়কে ক্লাস করেছি, পথনাটক করছি। উপদেষ্টারা কেনো দেখেও চোখ বন্ধ করে আছেন? আমাদের দাবি না মানলে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন। প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও বার বার পরিবর্তন করে মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার বরাদ্দ সরকার কেনো দিচ্ছে না, তা নিয়ে সচেতন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে।

আগামী বুধবার (৬ আগস্ট) অবস্থান কর্মসূচি ও শিকলভাঙার গান, বৃহস্পতিবার (৭ আগস্ট) অবস্থান কর্মসূচি ও অর্ধবেলা প্রশাসনিক কর্মবিরতি এবং রবিবার (১০ আগস্ট) পূর্ণবেলা প্রশাসনিক কর্মবিরতি, আলোচনা, সেমিনার ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.