যা কিছু হোক না কেন নির্বাচন এক দিনও পেছাবে না: প্রেস সচিব

ঢাকাঃ যা কিছু হোক না কেন নির্বাচন এক দিনও পেছাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন।”

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, সামনের পাঁচ-ছয় দিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতির অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।

সংলাপে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলোচনা চলছে, তা একটি ইতিবাচক প্রবণতা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, “জুলাই সনদ” একটি যুগান্তকারী রাজনৈতিক দলিল হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে।

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে সনদের খসড়া চূড়ান্ত করার কাজ এখন শেষ পর্যায়ে। আজও এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদ জানিয়ে প্রেস সচিব বলেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। চাঁদাবাজি নিয়েও সরকারের অবস্থান কঠোর। তিনি বলেন, “প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম। সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীরসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.