ঢাকাঃ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনের পাঁচগুন শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ভর্তি ফি জমা দিতে বলা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) কৃষিগুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনের পাঁচগুন শিক্ষার্থী ফল প্রকাশ করা হয়েছে। এর আগে স্পট অ্যাডমিশনসহ দশম ও সর্বশেষ অটোমাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে।
যে সব শিক্ষার্থী ভর্তির আগ্রহ প্রকাশ করবেন, তাদেরকে অনলাইনে রিপোর্ট করে ভর্তি ফি প্রথম অংশ ১০ হাজার টাকা অনলাইনে জমা দিতে হবে। শূন্য আসনের পাঁচ গুণ শিক্ষার্থী ফল প্রকাশের কারণে যদি শূন্য আসনের চেয়ে বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী টাকা জমা দেয় এবং তাদেরকে ভর্তির জন্য ডাকা সম্ভব না হয় তাদেরকে পরবর্তীতে যে মোবাইল নম্বর থেকে টাকা জমা দিয়েছে, সেই মোবাইল নম্বরে জমা দেয়া টাকা ফেরত দেওয়া হবে।
যাদেরকে ভর্তির জন্য ডাকা হবে, ভর্তি না হলেও তাদের টাকা ফেরত দেয়া হবে না। অনলাইনে রিপোর্ট করে ভর্তি ফি প্রথম অংশ ১০ হাজার টাকা জমা দেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা ভিত্তিতে ফল শূন্য আসনের সমসংখ্যক প্রকাশ করা হবে ২ আগস্ট।
ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীকে প্রাপ্ত নিজ- নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফি সঙ্গে পূর্বে জমাকৃত ১০ হাজার টাকা সমন্বয় করা এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে ৬ ও ৭ আগস্ট। এর ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
