ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

সিরাজগঞ্জঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন।

রোববার (২৭ জুলাই) সকাল ১০টায় শত শত শিক্ষার্থী রাস্তায় বসে পড়েন এবং মুহুর্মুহু স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। এ সময় তাদের কণ্ঠে ‘ভাড়া না ক্যাম্পাস, ক্যাম্পাস ক্যাম্পাস’, ‘সবার ক্যাম্পাস সজ্জিত, আমরা কেনো বঞ্চিত’, ‘এক দুই তিন চার, রেজওয়ানা গদি ছাড়’, ‘যার কথার দাম নেই, সেই উপদেষ্টার দরকার নাই’ স্লোগান শোনা যায়।

অবরোধের ফলে ঢাকা ও পাবনাগামী উভয়মুখী যানবাহন আটকে আছে। ধীরে ধীরে যানজট তীব্র আকার ধারণ করছে এবং রাস্তার দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি দাঁড়িয়ে আছে। এতে বিপাকে পড়েছেন যাত্রী ও চালকেরা।

এর আগে গত শনিবার (২৬ জুলাই) শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কট করে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে চলমান নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। ২৫ জুলাই প্রো-ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে থাকা প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।

প্রসঙ্গত, গত ১৬ জুন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে এসে বলেন, ‘এই দাবি যৌক্তিক, তবে বাংলাদেশে কিছু পেতে হলে দীর্ঘ সময় ধরে চেষ্টা করতে হয়।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.