মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় মাউশির শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীসহ অনেকেই আহত ও নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)

সোমবার (২১ জুলাই) মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এই শোক বার্তা জানানো হয়। 

এতে বলা হয়,  আজ ২১শে জুলাই ২০২৫ সোমবার, বেলা ১:০৬ ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণ পর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় ও ভবনটিতে আগুন ধরে যায়। বিধ্বস্ত হওয়ার সময় ভবনটিতে অনেক শিক্ষার্থী ছিলো। এ দুর্ঘটনার শিকার হয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীসহ অনেকেই আহত ও নিহত হয়। আহত ও নিহতদের অধিকাংশই শিক্ষার্থী। বিমান দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ পুরো শিক্ষা পরিবার গভীরভাবে শোকাহত। মহান সৃষ্টিকর্তার নিকট মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহত শিক্ষার্থীসহ অন্যান্যদের দ্রুত আরোগ্য কামনা করছি। আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার রাত পৌনে আটটা পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএসপিআর ও ফায়ার সর্ভিস। আহতের সংখ্যা দেড় শতাধিক।

যেভাবে দুর্ঘটনা
সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি সোমবার বেলা ১ টা ৬ মিনিটে কুর্মিটোলায় বিমান বাহিনীর এ কে খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এরপর এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। (বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম জেটটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যবশত এটি দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে।

মঙ্গলবার রাষ্ট্রীয় শোক
বিমান বিধ্বস্তে হতাহতদের সম্মানে আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.