রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তাকে পুলিশে দিলেন সাবেক শিক্ষার্থীরা

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন কর্মকর্তাকে পুলিশে দিয়েছে সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠন। জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি তারা। বৃহস্পতিবার দুপুরে ওই কর্মকর্তাদের পুলিশে দেওয়া হয়।

আটককৃত কর্মকর্তারা হলেন, অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ ও একই দপ্তরের উপ-পরিচালক আমিনুল হক, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার পঙ্কজ কুমার।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও ‘জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল ক্যাম্পাসে প্রবেশ করে। তারা অভিযুক্ত তিন কর্মকর্তাকে নিজ নিজ কার্যালয় থেকে প্রক্টর দপ্তরে নিয়ে আসেন। খবর পেয়ে দুপুর ২টার দিকে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান তার দপ্তরে আসেন এবং পুলিশ ও সাবেক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। থানায় মামলা থাকায় আলোচনা শেষে তাদেরকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করার সিদ্ধান্ত হয়।

কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত সপ্তাহে আমরা রেজিস্ট্রারকে স্মারকলিপি দিয়ে ৪০ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলাম। তারা ৫ আগস্টের ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িত। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা নিজেরাই তিনজনকে ধরে পুলিশে দিয়েছি। খবর পেয়ে বাকি অভিযুক্তরা পালিয়েছে।’

নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা রয়েছে। আমরা বোয়ালিয়া থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে তাদেরকে গ্রেপ্তার করেছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘কেউ যদি মামলার আসামি হন, তবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে ভবিষ্যতে ক্যাম্পাসে বাইরের কেউ এসে প্রশাসনিক কর্মকর্তাদের আটক করবে, এই সুযোগ দেওয়া হবে না।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.