দুই বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে আগ্রহী ৬৮ অধ্যাপক

নিউজ ডেস্ক।  

দেশের ইতিহাসে প্রথম বারের মতো উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগের কার্যক্রম চলছে। গত ৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সূত্র জানায়, এই দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে আবেদন করে জীবনবৃত্তান্ত জমা দেন ৬৮ জন অধ্যাপক। এর মধ্যে কুয়েটে উপাচার্য হতে চান ৪৮ জন। আর ববির জন্য আবেদন করেছেন ২০ জন। এসব আবেদন যাচাই-বাছাই করে আট অধ্যাপকের সংক্ষিপ্ত তালিকা করেছে উপাচার্য নিয়োগে গঠিত সার্চ কমিটি। চলতি সপ্তাহেই তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে বলে। এরপর উপাচার্য নিয়োগে গঠিত সার্চ কমিটি চূড়ান্ত সুপারিশ করবে।

গত মে মাসে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সুপারিশ প্রণয়নে সার্চ কমিটি গঠন করা হয়। এ কমিটি সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবে। কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা উপদেষ্টাকে। কমিটির সদস্য আছেন আরো চার জন।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল) নিজ নিজ আইনের আলোকে উপাচার্য নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রাপ্ত আবেদনপত্রগুলোর মধ্যে থেকে তিন জন প্রার্থীর সুপারিশ প্রণয়নের জন্য সার্চ কমিটি গঠন করা হলো। কমিটির সভাপতি শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সদস্য হিসেবে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য পদে আগ্রহী প্রার্থীদের ২৬ জুন বিকাল ৫টার মধ্যে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য সব কাগজপত্রসহ মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর আবেদন পাঠাতে বলা হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, উপাচার্য পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। কুয়েটের জন্য পিএইচডি ডিগ্রিটি প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ের হতে হবে। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গ্রহণযোগ্য হবে। আবেদনকারীর কমপক্ষে ২০ বছরের শিক্ষকতা অথবা ৫ বছরের গবেষণাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত- যেমন শিক্ষা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ছাত্রকল্যাণ এবং একাডেমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতাও আবশ্যক। যাদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বা প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে, তাদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। আবেদনকারীদের আন্তর্জাতিক জার্নালে উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা ও প্রকাশনার অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক পরিমন্ডলে পান্ডিত্যপূর্ণ স্বীকৃতি থাকলে সেটিও বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ৪৫ বছর হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading