নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসরে যাবার তিন মাসের মধ্যে অবসর ও কল্যাণের সমুদয় অর্থ পরিশোধ এবং সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসাভাতা প্রদানের দাবিতে কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। আগামী ১২ জুলাই থেকে ২০ জুলাই শিক্ষা উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ এবং একই দাবিতে আগামী ২ আগস্ট শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
গতকাল শুক্রবার (০৪ জুলাই) রাজধানীর পুরানাল্টনে মুক্তিভবনে অনুষ্ঠিত সভায় সংগঠনটি এই কর্মসূচী ঘোষণা করে।
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: নূরে আলম বিপ্লবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিভিন্ন মতামত তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগরের আহবায়ক মোহাম্মদ ইয়াছিন, কেন্দ্রীয় সহ-সভাপতি অমৃত কারণ, সহ-সাধারণ সম্পাদক আসমান আলী, কার্যকরি কমিটির সদস্য ওসমান গনি ও শামিম আহমেদ।
সভায় জাহাঙ্গীর হোসেন বলেন, এমপিওভূক্ত শিক্ষকগণ বৈষম্য নিয়েই শিক্ষকতা করছেন। সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মর্যাদা কোনটাই প্রতিষ্ঠিত হচ্ছেনা। ফলে অসন্তোষ নিয়ে শিক্ষকরগণ শিক্ষকতা করছে। সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শিক্ষকগণ। এসব শিক্ষক অবসরকালীন টাকা পেতেও চরম বিড়ম্বনার শিকার হন। ৫/৬ বছর লেগে যায় এসব টাকা পেতে। যেখানে সরকার সংশ্লিষ্ট অন্যসব পেশাজীবী চাকরি থেকে অবসরে যাবার সাথে সাথেই অবসর ও কল্যাণের সমুদয় অর্থ পেয়ে যান। অথচ এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের পরিস্হিতি খুবই হতাশাজনক ও নাজুক। অনেক শিক্ষক মৃত্যুর আগ পর্যন্ত অবসর ও কল্যাণের টাকা হাতে পায়না। এদের মধ্যে অনেকের অনাহারে-অর্ধাহারে এবং বিনা চিকিৎসায় মৃত্যু হয়।
সরকার ইচ্ছে করলেই সরকারি চাকরিজীবী অনুরুপ এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের সমুদয় পাওনা পরিশোধ করে দিতে পারেন। তাই চাকরি ছাড়ার তিন মাসের মধ্যে এমপিওভূক্ত শিক্ষকদের সকল বকেয়া পরিশোধ করার জোর দাবি জানাই। অন্যথায় ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করা হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো: নূরে আলম বিপ্লব বলেন, শিক্ষকদের জীবন জীবিকার জন্য কেন এতো আন্দোলন করতে হবে। সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের ঘোষণা এখন পর্যন্ত হচ্ছেনা, যা দুঃখজনক। অনতিবিলম্বে শিক্ষকদের বেতন বৈষম্য চিরতরে বন্ধ করতে হবে।
সভায় সর্বসম্মতিক্রমে, শিক্ষক-কর্মচারীদের অবসরে যাবার তিন মাসের মধ্যে অবসর ও কল্যাণের সমুদয় অর্থ পরিশোধ এবং সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসাভাতা প্রদানের দাবিতে আগামী ১২ জুলাই থেকে ২০ জুলাই শিক্ষা উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ এবং একই দাবিতে আগামী ২ আগস্ট শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
