সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ জুন) অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হারুন রশিদ এ আদেশ দেন।
রিমান্ড শুনানির সময় গ্রেপ্তার দুই আসামি আদনান (২৩) ও স্বাগত দাস পার্থ (২২) কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদনান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ও জুলাই হামলা মামলার আসামি।
রোববার (২২ জুন) মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত পুলিশের পরিদর্শক মো. আহসান হাবিব আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
এর আগে, সকাল পৌনে ১০টায় আসামিদের আদালতে হাজির করা হয়। বেলা ১১টায় রিমান্ডের শুনানি চলাকালে আদালত চত্বরে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা আদালতের এজলাস কক্ষের বারান্দায় অবস্থান নেন। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে আসামি দুজনকে আদালত থেকে প্রিজনভ্যানে করে কারাগারে নেওয়া হয়।
মামলার এজাহারে নির্যাতিতা অভিযোগ করেন, ২ মে একটি কনসার্টে যাওয়ার কথা বলে এক সহপাঠী যুবক ওই ছাত্রীকে সুবিদবাজার এলাকার একটি মেসে ডেকে নেন। সেখানে কোমল পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে পান করানো হয়। পরবর্তীতে অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
এজাহারে আরও বলা হয়, ধর্ষণের সময় ভিডিও ও ছবি ধারণ করে তা ফাঁসের হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইলও করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে, প্রক্টরের পরামর্শে আইনি সহায়তা নেয়া হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইসে ঘটনার ডিজিটাল প্রমাণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
