এইমাত্র পাওয়া

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন

যশোরঃ আগামী ২৬ জুন সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ড থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ১৬ হাজার ৩১৭ পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ছয় হাজার ১৯৪ জন। এ বছর বোর্ডের অধীনে ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থীরা ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় বসবে।

যশোর শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী রয়েছে ৫৮ হাজার ৪৭২ জন এবং ছাত্র ৫৭ হাজার ৮৫৪ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ২২ হাজার ৭৭ শিক্ষার্থীর মধ্যে ১১ হাজার ২৮৪ জন ছাত্র এবং ১০ হাজার ৭৯৩ জন ছাত্রী। মানবিক বিভাগের ৮১ হাজার ৪৭৬ শিক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ২৫৬ ছাত্র এবং ৪২ হাজার ২২০ জন ছাত্রী। ব্যবসা শিক্ষা বিভাগের ১২ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থীর শিক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৩০৫ ছাত্র এবং ৫ হাজার ৪৫৯ ছাত্রী পরীক্ষায় অংশ নেবে।

বোর্ড সূত্রে আরও জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৫ কলেজের পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের অধীনে ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। এর মধ্যে খুলনার ৪৬ কেন্দ্রে অংশ নেবে ১১১ কলেজের পরীক্ষার্থী, যশোরের ৫০ কেন্দ্রে অংশ নেবে ১১৬ কলেজের পরীক্ষার্থী, বাগেরহাটের ২১ কেন্দ্রে অংশ নেবে ৪৯ কলেজের পরীক্ষার্থীরা, সাতক্ষীরার ২৩টি কেন্দ্রে অংশ নেবে ৭৪ কলেজের পরীক্ষার্থীরা, কুষ্টিয়ার ২৩ কেন্দ্রে অংশ নেবে ৭৯ কলেজের পরীক্ষার্থীরা, চুয়াডাঙ্গার ১২ কেন্দ্রে অংশ নেবে ২৪ কলেজের পরীক্ষার্থী, মেহেরপুরের ৭ কেন্দ্রে অংশ নেবে ২২ কলেজের পরীক্ষার্থী, নড়াইলের ১১ কেন্দ্রে অংশ নেবে ২৪ কলেজের পরীক্ষার্থী, ঝিনাইদহের ২৭ কেন্দ্রে অংশ নেবে ৮৫ কলেজের পরীক্ষার্থী ও মাগুরার ২০ কেন্দ্রে অংশ নেবে ৩৯ কলেজের পরীক্ষার্থীরা।

এ বছর যশোর বোর্ডে কেন্দ্রের ভেন্যু প্রথা বাতিল করা হয়েছে। তবে এ বার নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নিজ কেন্দ্রের ভেন্যুতে পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে না।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবদুল মতিন বলেন, ভেন্যু প্রথা বাতিল করায় এবার ৬টি কেন্দ্র বেড়েছে। তবে গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে। কারণ শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি থাকতে পারে। এজন্য হয়তো তারা অংশ নিচ্ছে না।

তিনি জানান, নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একাধিক ভিজেলেন্স টিম দায়িত্ব পালন করবে।

এ দিকে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা সুষ্ঠু পরিবেশে গ্রহণের লক্ষ্যে ১ জুন থেকে জেলার পরীক্ষা কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক মূল উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্রসহ আনুসাঙ্গিক যাবতীয় মালামাল সরবরাহ করা শুরু হয়েছে। ২১ জুনের মধ্যে পরীক্ষা কেন্দ্রের মালামাল সরবরাহ সম্পন্ন হবে। আগামী ২৬ জুন বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্যদিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.