নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ২০২৪-২৫ অর্থবছরের উপবৃত্তি ও টিউশন ফি-এর দুই কিস্তির টাকা দেয়া শুরু হচ্ছে আজ ১৯ জুন থেকে। উপবৃত্তির টাকা শিক্ষার্থী বা অভিভাবক ও টিউশন ফিয়ের টাকা গভর্নমেন্ট টু পাবলিক (জিটুপি) পদ্ধতিতে দেয়া হবে।
বৃহস্পতিবার (১৯ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়। গতকাল বুধবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর স্কিম পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরের ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-ডিসেম্বর এবং ২০২৫ খ্রিষ্টাব্দের জানুয়ারি-জুন কিস্তির উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ কার্যক্রম আজ ১৯ জুন থেকে শুরু হবে। এইচএসপি-এমআইএস সফটওয়্যারে বিদ্যমান ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত সুবিধাভোগী শিক্ষার্থী বা অভিভাবকের একাউন্ট নম্বরে ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-ডিসেম্বর এবং ২০২৫ খ্রিষ্টাব্দের জানুয়ারি-জুন কিস্তির উপবৃত্তি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফির অর্থ জিটুপি পদ্ধতিতে পাঠানো হবে। উপবৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী ও অভিভাবকের সংশ্লিষ্ট একাউন্টে বিতরণ করা অর্থ জমা হওয়ার পর পরই উত্তোলনের জন্য অনুরোধ করা হলো।
এছাড়া আরো বলা হয়, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে এমএফএস কর্তৃক নির্ধারিত ক্যাশ আউট চার্জ কাটা হবে না। ক্যাশ আউট চার্জের অর্থ সংশ্লিস্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার থেকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীও অভিভাবকের একাউন্ট নম্বরে দেয়া হবে। উপবৃক্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য, একাউন্ট নম্বর, একাউন্ট নম্বরের পিন অথবা ওটিপি নম্বর অন্য কারো সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
