প্রথমবারের মত বেরোবিতে কোরবানির আয়োজন

রংপুরঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোরবানির আয়োজন করা হয়েছে।

ইতোমধ্যে একটি গরু ও দুইটি ছাগল কেনা হয়েছে বলে শুক্রবার (৬ জুন) নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কুরবানি কমিটির সদস্য সচিব ড. মো.ফেরদৌস রহমান।

তিনি বলেন, হলে অবস্থানরত শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ আনসার নিরাপত্তাকর্মী জরুরি কাজে নিয়োজিত ড্রাইভারদের জন্য প্রথমবারের মতো এই কোরবানির আয়োজন করা হয়। ঈদের দিন ক্যাফেটেরিয়ায় বিশ্ববিদ্যালয়ের অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মধ্যাহ্নভোজে করবেন ভিসি মহোদয়। এছাড়া কুরবানির গোস্ত গরিব দুস্থদের মাঝে বিতরণ ও এতিমখানায় দেওয়া হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.শওকাত আলী বলেন, রমজান ঈদের মতই আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবার সাথে ঈদের নামাজ পড়ব। তাদের সাথে ঈদ উদ্‌যাপন করব। বাবা মার স্বপ্ন পূরণে অনেকেই চাকুরির প্রস্তুতি ও অন্যান্য কাজে ঈদে বাড়ি যেতে পারে না। তাদের জন্য এই আয়োজন। শিক্ষার্থীদের কল্যাণে আমি সাধ্যমতো কাজ করে যাচ্ছি।

এর আগে পহেলা রমজান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রায় তিন হাজার শিক্ষক কর্মকর্তা ও ছাত্রদেরকে নিয়ে ইফতার করেন। এরপর প্রথমবারের মতো প্রায় দুই হাজার নারী শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রীদেরকে নিয়ে ইফতার মহফিল সম্পন্ন করেন। এছাড়া রংপুরের সমস্ত সাংবাদিকদের ইফতারের আয়োজন করেন। এবার কোরবানি ঈদেও প্রথম প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য একটি গরু ও দুটি খাসি কোরবানির আয়োজন করছে। যার ফলে শিক্ষার্থীদের প্রশংসায় কুড়াচ্ছেন তিনি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.