এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের ঐতিহাসিক গণসংবর্ধনা দিবেন ড. মাসুদ: প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে আগামী ১০ জুন আয়োজিত হতে যাচ্ছে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১ থেকে ৯ রোল নম্বর পর্যন্ত সিঙ্গেল ডিজিট শিক্ষার্থীদের ঐতিহাসিক গণসংবর্ধনা। অনুষ্ঠান ঘিরে উপজেলাজুড়ে শিক্ষার্থীদের মাঝে বইছে ব্যাপক উত্তেজনা।

আজ (৫ জুন) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাবাজারের বাউফল উপজেলা ছাত্রশিবির কার্যালয়ে গণসংবর্ধনা বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. লিমন হোসেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সহকারী সদস্য খান মোহাম্মদ আলামীন, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নূর।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাকসহ স্থানীয় জামায়াত ও সাবেক শিবিরের নেতৃবৃন্দ।

এতে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফল উপজেলার সাত হাজার শিক্ষার্থীকে আমরা ঐতিহাসিক গণসংবর্ধনা দেব। ইনশাআল্লাহ। এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে উপজেলা জামায়াত, শিবিরসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সর্বোচ্চ সহায়তা কামনা করেন তিনি।

বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ আরো বলেন, আশা করছি একটি ঐতিহাসিক মাইলফলক ছোঁয়া কৃতি শিক্ষার্থী সংবর্ধনা—ছাত্র ও তারুণ্যের সমাবেশ সম্পন্ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ্—আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের মডেল হবে বাউফল উপজেলা সেই প্রত্যাশায় আমরা।

জানা যায়, আগামী ১০ জুন (মঙ্গলবার) বাউফল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ছাত্র ও তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানটি শুরু হবে সকাল ১০টায়।

অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ক্যারিয়ার গাইডলাইন কনফারেন্স ও ৫ম থেকে ১০ম শ্রেণির ১ থেকে ৯ রোলধারীদের নিয়ে সিঙ্গেল ডিজিট কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। আর প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সভাপতিত্ব করবেন বাউফল উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. লিমন হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাড. নাজমুল আহসান, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া এবং পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রাকিবুল ইসলাম নূর।

এছাড়া একাডেমিক আলোচক হিসেবে থাকবেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আলী আম্মার মুয়াজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডা. মুনতাসির ওয়াদুদ, ব্রিস ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল নাহিদ ফারুক আল আজহারি আর একাডেমিক সেশন সঞ্চালনা করবেন অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করবেন খ্যাতিমান শিল্পী ও নাট্যকার কবির বিন সামাদ। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১ থেকে ৩ রোলধারীদের জন্য ক্রেস্ট, ব্যাগ, নোটপ্যাড, কলম, টি-শার্ট ও বই। আর অন্যদের জন্য থাকছে টি-শার্ট, নোটপ্যাড আর বই।

এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. লিমন হোসাইন বলেন, আমাদের এই মহতী আয়োজনের পেছনে অন্যতম লক্ষ্য হচ্ছে উপজেলার শিক্ষার্থীদের আগামীতে আদর্শিক ক্যারিয়ার গঠনে তাদের এই গণসংবর্ধনা ব্যাপক উৎসাহ উদ্দীপনা জোগাবে।

তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদের আতঙ্ক শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের বাউফলে আগমনের ফলে উপজেলার শিক্ষার্থীরা সততার পক্ষে, ন্যায়ের পক্ষে প্রতিবাদের অনুপ্রেরণা পাবে। এছাড়া ৫ আগস্ট পরবর্তী শিবিরের এই কেন্দ্রীয় নেতার অনেক শিক্ষার্থী ভক্ত রয়েছে বাউফলে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.