জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠান

ঢাকাঃ পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৪’ পাচ্ছেন তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (২ জুন) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদকের জন্য মনোনীতদের নাম প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে অবদানের জন্য ব্যক্তি পর্যায়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার বাসিন্দা মো. মাহমুদুল ইসলাম এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ‘স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড’ পদক পাচ্ছে।

পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে ব্যক্তি পর্যায়ে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকার মোহাম্মদ মুনীর চৌধুরী। একই ক্যাটাগরিতে প্রতিষ্ঠান পর্যায়ে নির্বাচিত হয়েছে পরিবেশবান্ধব সংগঠন ‘ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট’।

এ ছাড়া পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের জন্য ব্যক্তি পর্যায়ে পদক পাচ্ছেন প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ। প্রতিষ্ঠান পর্যায়ে মনোনীত হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)।

প্রত্যেক বিজয়ীকে জাতীয় পরিবেশ দিবসের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হবে। এ সময় তাঁদের হাতে তুলে দেওয়া হবে ২২ ক্যারেট মানের দুই ভরি ওজনের স্বর্ণালংকারের সমমূল্যের আর্থিক পুরস্কার, ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র।

জাতীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় অবদান রাখায় এ ধরনের পদক প্রদানের মাধ্যমে সরকার পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহ দিয়ে আসছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.