বাজেটে নতুন এমপিওভুক্তিতে বরাদ্দ রেখেছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নন এমপিও  মাদরাসার এমপিওভুক্তির জন্য রেখেছে সরকার।

সোমবার (২ জুন) বিকেলে বাজেট বক্তব্যে ড. সালেহউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি ও উপবৃত্তি পেলেও ইবতেদায়ি শিক্ষার্থীরা তা থেকে বঞ্চিত। এবার ইবতেদায়ি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

 ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইবতেদায়ি শিক্ষার্থীদের বৃত্তির জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, ইবতেদায়ি পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদরাসাসমূহ এমপিওভুক্তি বাবদ ৭২৮ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।

অর্থ উপদেষ্টা আরও বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে ১ হাজার ১৩৫টি মাদরাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। ৫১৩টি বহুতল ভবনের কাজ চলমান। ৪৯৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ প্রস্তাবিত বাজেটে বরাদ্দ পেয়েছে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা, যা আগের বছরের মূল বাজেটে ছিল ১১ হাজার ৭৮৩ কোটি টাকা। সেই হিসাবে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ বাড়ানো হয়েছে ৮৯৫ কোটি টাকা।

যদিও ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষা খাতের জন্য বরাদ্দ দাঁড়ায় ৯ হাজার ৯৫৩ কোটি টাকা।

অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত কয়েক বছর ধারাবাহিকভাবে মাদরাসায় শিক্ষার্থী ভর্তি বেড়েছে। এ খাত দীর্ঘদিন অবহেলিত ছিল। ফলে এ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

ব্যানবেইসের ২০২৩ সালের জরিপ অনুযায়ী—বর্তমানে দেশে মোট মাদরাসার সংখ্যা ৯ হাজার ২৫৬টি। মাদরাসায় ভর্তি শিক্ষার্থীর সংখ্যা ৪১ লাখ ২৬ হাজার ৬২৬ জন, যা দুই দশকের মধ্যে সর্বোচ্চ। ফলে মাদরাসা শিক্ষা খাতে এবার বরাদ্দও বাড়লো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.