শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার প্রস্তাব বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। এদিনই মন্ত্রণালয়ের জিও জারির পর এটি আইবাস++ এ পাঠানো হবে।
মঙ্গলবার (২৭ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শিক্ষকদের বর্ধিত উৎসব ভাতায় সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ এ-সংক্রান্ত জিও জারি করার কথা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। জিও জারি হলে বুধবার উৎসব ভাতার প্রস্তাব পাঠানো হতে পারে। বিষয়টি নিয়ে কাজ চলছে।
অনেক শিক্ষকের বেতন-ভাতা না পাওয়ার বিষয়ে ইএমআইএস সেল প্রধান বলেন, ‘অনেকে ভুল অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন। যার ফলে টাকা পাঠানো হলেও তারা পাননি। বাউন্স ব্যাক করেছে। নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নেয়া হয়েছে। দ্রুতই টাকা পাঠানো হবে।
উল্লেখ্য, এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের চার শর্তে উৎসব ভাতা বাড়ানো হয়েছে। তবে কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানো হয়নি।
সোমবার (২৬ মে) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসার সই করা সম্মতিপত্র থেকে এ তথ্য জানা গেছে।
সম্মতিপত্রে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের মূল বেতনের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে নির্ধারণ করা হলো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
