এইমাত্র পাওয়া

‘চর দখলের মতো কলেজ দখলের চেষ্টা করছেন আবুজর গিফারীর অধ্যক্ষ বশীর’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চর দখলের মতো করে রাজধানীর আবুজর গিফারী কলেজও দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন কলেজটির শিক্ষকরা। তাদের অভিযোগ, কলেজের অব্যাহতি পাওয়া অধ্যক্ষ বশীর আহম্মদ গংরা নানাভাবে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎসবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরীকে অসহযোগিতা করছেন। এছাড়া তার নামে নানা ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বশীর আহম্মদের অনুসারীরা।

আজ শনিবার দুপুরে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। ‘আবুজর গিফারী কলেজের শিক্ষক, ছাত্র–ছাত্রী, কর্মকর্তা–কর্মচারী ও অভিভাবকবৃন্দ’র ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের প্রভাষক মো. ইয়ামিন রহমান। লিখিত বক্তব্যে কলেজের উন্নয়নে অধ্যাপক মামুন চৌধুরীর বিভিন্ন অবদান তুলে ধরে বলা হয়, অধ্যাপক মামুন চৌধুরীর নেতৃত্বে গত তিন মাসে কলেজের আয় ৪০ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কট্টর সমর্থক কিছু শিক্ষক শুরু থেকেই অসহযোগিতা করে আসছেন। এর মধ্যে অন্যতম ছিলেন দুই মাস আগে অব্যাহতি পাওয়া অধ্যক্ষ বশীর আহম্মদ। তার বিরুদ্ধে বিধিবর্হিভূত কর্মকাণ্ড, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক লেজুড়বৃত্তি ও নামে-বেনামে বিভিন্ন বিল-ভাউচার দিয়ে কলেজের অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। এ বছর বিভিন্ন কলেজে নবীনবরণ হলেও আবুজর গিফারী কলেজে তা হতে দেননি অধ্যক্ষ বশীর ও তার কিছু সুবিধাভোগী শিক্ষক।

বশীর আহম্মদ কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, হিতৈষী সদস্য এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থ সম্পাদক নির্বাচনে বিধির বাইরে প্রভাব খাটিয়েছিলেন। নিয়মবহির্ভূত নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ভোটার করে নিজের পছন্দের প্রার্থীকে জয়ী করতে সহযোগিতা করেছেন। বহিরাগতদের দিয়ে শিক্ষকদের ভয়ভীতি, হুমকি দেওয়ার নেপথ্যেও ছিলেন তিনি। এ সম্পর্কিত সিসি ক্যামেরার ফুটেজও তিনি মুছে ফেলেছেন ডিভাইস থেকে।

লিখিত বক্তব্যে বশীর আহম্মদের সহযোগী হিসেবে কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি জুলেখা বেগম, দাতা সদস্য আবুল মনসুরসহ কয়েকজন শিক্ষকের নাম উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে নানা ধরনের অপকর্মের অভিযোগ তুলে ধরে বলা হয়, কয়েকজন ফ্যাসিস্ট অনুসারী পশ্চাদপসরণ মনোভাবের শিক্ষক, ভাগবাঁটোয়ারা, ভোগ ও অপরাজনীতিতে বিশ্বাসী কিছু বহিরাগত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মের বাইরে নিয়োগপ্রাপ্ত কয়েকজন শিক্ষক এবং অছাত্ররা অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরীর নামে বিষোদগার করছে। কলেজের উদ্ভিদবিদ্যা বিষয়ের শিক্ষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি জুলেখা বেগম ২৯ এপ্রিল কিছু শিক্ষক ও বহিরাগতদের নিয়ে সুপরিকল্পিতভাবে অধ্যক্ষের কক্ষে গিয়ে মব সৃষ্টি করেন। মূলত জুলেখা-মনসুর গংদের উদ্দেশ্য হলো- মব তৈরি করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করে ‘চর দখলের’ মতো কলেজ দখল করা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজের প্রভাষক আমিরুল ইসলাম বিপ্লব, কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আমিনুল হক আমিন। এছাড়া সেখানে কলেজের গভর্নিং বডির কয়েকজন সদস্যের আনীত অভিযোগ খণ্ডন করেন প্রভাষক মো. মেহেদী হাসান হাওলাদার।

তবে অভিযোগের বিষয়ে কলেজের অব্যাহতি পাওয়া অধ্যক্ষ বশীর আহম্মদ গণমাধ্যমকে বলেন, আমাকে অনৈতিকভাবে বর্তমান সভাপতি গত ৯ মার্চ একক সিদ্ধান্তে সাময়িকভাবে বরখাস্ত করেন। যেসব অভিযোগ এনে আমাকে বরখাস্ত করা হয়েছে, সবই মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। আমি কলেজে গিয়ে জানতে পারি যে, আমাকে বরখাস্ত করা হয়েছে।

পাল্টা সংবাদ সম্মেলন কাল

এদিকে কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মামুন চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা এনে নতুন সভাপতি মনোনয়নের দাবিতে আগামীকাল রবিবার সকাল ১১টায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে কলেজের আরেকটি পক্ষ। ‘আবুজর গিফারী কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক পরিষদ, কর্মকর্তা–কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ’র ব্যানারে এর আয়োজন করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.