ববির ৩ শিক্ষার্থী মারধরের শিকার, মহাসড়ক অবরোধ

বরিশালঃ বাস -মাহিন্দ্রা (আলফা) মধ্যকারের ঝামেলা ঠেকাতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। আলফা সমিতির ও স্থানীয় ৫-৭ জন মারধরের ঘটনায় জড়িত বলে অভিযোগ শিক্ষার্থীদের। শনিবার (৮ মার্চ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ভোলারোড সংলগ্নে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীরা হলেন, লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী তানজিল আজাদ, রবিউল ইসলাম ও ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম। তবে অভিযুক্তদের নাম জানা যায়নি। ঘটনা জানাজানি হলে প্রায় ৩০-৪০ জন শিক্ষার্থী দুই ঘণ্টা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের আশ্বাসে সাময়িকভাবে অবরোধ তুলে নেয় তারা।

ভুক্তভোগীরা জানান, বাস ও মাহিন্দ্রার মধ্যে ঝামেলা হলে আমরা সেখানে যাই, যাতে রাস্তার মধ্যে তারা ঝামেলা না করে। তখন এক সহপাঠীকে মারধর শুরু করে। প্রতিরোধ করতে গেলে আমাদের তিনজনকে মারধর করে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, মহাসড়কে আলফা ও বাসের সাথে ঝামেলা চলছিলো। বাকবিতন্ডা থেকে একপর্যায়ে তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাধান করতে গেলে, তাদের উপর চড়াও হয়ে মারধর করে আলফার কয়েকজন যুবক।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মারধরের ঘটনাটি দুঃখজনক। আমরা সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, শিক্ষার্থীদের মারধর করা হয়েছে শুনেই আমি সাথে সাথে ঘটনাস্থলে এসেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ঘটনাটি শুনেছি। পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি যাতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৩/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.