চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ওএমআর বাতিল হয়েছে দুই হাজার ৮১৭ ভর্তিচ্ছু শিক্ষার্থীর যা পরীক্ষায় অংশ দেওয়া শিক্ষার্থীর ৩ দশমিক ০৭ শতাংশ।
এছাড়া পরীক্ষায় পাস করেছেন ২৯ হাজার ৪১১ ভর্তিচ্ছু যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৩২ দশমিক ০৬ শতাংশ। ফেল করেছেন ৫৯ হাজার ৫১১ বা ৬৪ দশমিক ৮৭ শতাংশ। পরীক্ষায় প্রথম স্থান পাওয়া শিক্ষার্থী পেয়েছেন ৯৭ দশমিক ৫০ নম্বর।
বৃহস্পতিবার রাতে ফল প্রকাশের পর এসব তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও চবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী।
ওএমআর বাতিল হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ওএমআর বাতিলের প্রধান কারণ সেটকোড পূরণ না করা। এছাড়া ওএমআর শিটের আশেপাশে লেখালেখি করলেও এটা বাতিল হয়। কিছুক্ষেত্রে হয়তো রোল বা আইডি ঠিকঠাক পূরণ করেনি শিক্ষার্থীরা। এই তিনটায় ওএমআর বাতিলের বেসিক কারণ।
বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সাধারণ আসন রয়েছে ১ হাজার ১২৩টি। এই আসনের বিপরীতে এবছর আবেদন করেন ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী এবং পরীক্ষায় অংশ নেন ৯১ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী।
গত ১ মার্চ (শনিবার) চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া ৮ মার্চ বি ইউনিট, ১০ মার্চ বি-১ উপ-ইউনিট, ১১ মার্চ বি-২ উপ-ইউনিট, ১৫ মার্চ সি ইউনিট, ২২ মার্চ ডি ইউনিট ও ২৪ মার্চ ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
