শিক্ষা ও অভিজ্ঞতা কেউ কেড়ে নিতে পারে না: অর্থ উপদেষ্টা

ঢাকাঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষা না থাকলেও অর্থ অর্জন করা যায়, কিন্তু শিক্ষা থাকলে তা কেউ ছিনিয়ে নিতে পারে না। শিক্ষা ও অভিজ্ঞতা কেউ কেড়ে নিতে পারে না। সমতা আনার ক্ষেত্রে বড় হাতিয়ার হলো শিক্ষা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ২২তম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাজধানীর কুড়িলে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। আরো বক্তব্য দেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া অনোয়ার, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং উপ উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান।

অর্থ উপদেষ্টা বলেন, ‘গ্র্যাজুয়েটরা প্রথমে নিজেদের পরিবারের প্রতি নজর রাখবেন, দেশের প্রতি নজর রাখবেন এবং মানুষের প্রতি যত্নশীল হবেন। শিক্ষকদের মান ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এআইইউবিকে ধন্যবাদ জানাই, কারণ তারা এটি অর্জন করতে পেরেছে।’

অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালো-মন্দ সবাই বিচার করতে পারে; তবে যারা শিক্ষায় আলোকিত, তারাই ভালোভাবে বিচার করতে পারে।

অধ্যাপক ড. সলিমুল্লাহ খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সমাজে বিশ্ববিদ্যালয় কখনো প্রাইভেট হয় না; বিশ্ববিদ্যালয় হচ্ছে দশের সম্পত্তি। সমাজকে আমরা কীভাবে ন্যায়ের পথে, মুক্তির পথে, স্বাধীনতার পথে পরিচালিত করতে পারি, সেই শিক্ষা আমাদের নেওয়া উচিত।

সমাবর্তন আরে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল আবেদীন হাসান, ইশতিয়াক আবেদীন প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.