শেখ মুজিব-ফজিলাতুন্নেছা ও আজমের ম্যুরালে আগুন দিয়েছে জাবিপ্রবি শিক্ষার্থীরা

জামালপুরঃ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবন সংলগ্ন শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা এবং মির্জা আজমের ম্যুরাল ভাঙচুর করেন এবং আগুন লাগিয়ে দেন তারা।

জানা যায়, বুধবার (৫ ফেব্রুয়ারি) নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। পরে বক্তব্য প্রচার হলে আবাসিক হল থেকে বেরিয়ে হল প্রাঙ্গণে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

পরবর্তীতে রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছেলে হলের সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীদের একটি গ্রুপ। এসময় একসাথে মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং মির্জা আজমসহ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকল ম্যুরাল ভাঙচুর করেন এবং পরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ফ্যাসিবাদী ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘মুজিববাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘খুনি হাসিনার ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘মির্জা আজমের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’ প্রভৃতি স্লোগান দেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.