এইমাত্র পাওয়া

হবিগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

হবিগঞ্জঃ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজার এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে এ কেন্দ্রের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেন, এ কেন্দ্রের মাধ্যমে ৩০ থেকে ৩৫টি উপজেলার কার্যক্রম নিয়ন্ত্রণ হবে। দ্রুত ১০ বিঘা জমির সন্ধান দেন। আমাদের নিজস্ব টাকায় জমি ক্রয় করা হবে। এ জমিতে স্থায়ীভাবে আঞ্চলিক কেন্দ্র নির্মাণ করা হবে। পাশাপাশি এ কেন্দ্রের সাথে ট্রেনিং সেন্টারের কার্যক্রমও চালু থাকবে। অচিরেই বগুড়ায়ও চালু হবে আঞ্চলিক কেন্দ্র।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করা হবে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে টাকা রোজগার করা যাবে। থাকবে না বেকার সমস্যা। জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের প্রায় আড়াই হাজার কলেজের অভিভাবক। ৩৮ লাখ শিক্ষার্থী রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। নকলমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কার্যক্রম পরিচালনা হচ্ছে। নকলের খবর পাওয়া গেলে সেন্টার বন্ধ করে দেয়া হবে।

ভিসি বলেন, হবিগঞ্জ জেলায় কলেজের সংখ্যা কম। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। শায়েস্তাগঞ্জে টেকনিক্যাল ও বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন। আমি সব ধরনের সহযোগিতা করব। এখান থেকে দক্ষ জনশক্তি গড়ে উঠবে। তাহলে চাকরির পেছনে দৌড়াতে হবে না। চাকরি তাদের পেছনে ঘুরবে। সহজে কর্মসংস্থান তৈরি হবে।

তিনি বলেন- দেশের নানা স্থানে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অনার্স-মাস্টার্স কলেজ করা হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, এই সব কলেজগুলোতে পড়ালেখা হয় না। শিক্ষকদের ঠিক মতো বেতন দেয়া হয় না। এই সব কলেজের কার্যক্রম বন্ধ করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে ভিসি অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেন জুলাই আন্দোলনে দ্বিতীয় জীবন পেয়েছি। এবার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ইকবালের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নুরুননাহারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, উপাচার্যের একান্ত সচিব আমিনুল আকতার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক জসিম উদ্দীন, সফিউল করীম, মুসলেহ উদ্দীন, নজরুল ইসলাম, সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আবু হুরায়রা, শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গাজী গোলাম মোস্তুফা, উপজেলা বিএনপির সভাপতি নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি।

উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, পৌর যুবদলের আহ্বায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, সদস্য সচিব ফাহিন হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদ আহমেদ সোহেল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, দৈনিক জনতার দলিলের সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুহিন শিপন, সাংবাদিক ইনজামামুল হক নাঈম, রকিব আহমেদ জনিসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ, প্রভাষকসহ তৃণমূল পর্যায়ের লোকেরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading