রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরবাসীর প্রাণের দাবী মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করে এই অঞ্চলের উচ্চ শিক্ষার পথ সম্প্রসারণ করা। দেশের উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা ও পঠন পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের উদ্দ্যেশ্যে মেহেরপুর জেলায় মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন নামে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা থেকে ২০২৩ সালের ১৩-ই ফেব্রুয়ারী তারিখে মহামান্য রাষ্ট্রপতির সম্মতিলাভ করে এবং এ আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়। সেই থেকে মেহেরপুরের সর্বস্তরের মানুষ স্বপ্ন দেখতে থাকে মেহেরপুরে খুব তাড়াতাড়ি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে ।
পরবর্তীতে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ রবিউল ইসলামকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়। ডঃ রবিউল ইসলাম মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করার জন্য কাজ শুরু করেন। কিন্তু গত বছর জুলাই আগষ্টের সরকার পরিবর্তনের ফলে বিশ্ববিদ্যালয় চালুকরণ কাজ স্থবির হয়ে যায়।
গত নভেম্বর মাসে ডঃ রবিউল ইসলাম কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে সরিয়ে দেয়ায় এই এলাকার মানুষ কিছুটা হতাশ হয়ে মনে করেছিল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম হয়তো আর শুরু হবে না। কিন্তু কয়েকদিন পরেই বর্তমান অন্তর্বতী সরকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ শেখ বখতিয়ার উদ্দীন কে নুতন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়ায় আবারো মেহেরপুর জেলা তথা এই অঞ্চলের মানুষ নুতন করে স্বপ্ন দেখছে খুব তাড়াতাড়ি মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে।
ইতিমধ্যে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম চালু করার জন্য অফিস ভাড়া নেয়া হয়েছে ও রেজিস্ট্রার সহ কয়েকজন অফিসিয়াল নিয়োগ করা হয়েছে। মেহেরপুর সরকারী কলেজে অনার্স বিল্ডিং এ, ছয়টি রুম বরাদ্দ দেয়া হয়েছে এবং রুমগুলো বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ আধুনিক শ্রেণীকক্ষে রুপ দিতে প্রয়োজনীয় কাজ শুরু করেছেন। ইতিমধ্যে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য ১৬ টি পদে অনুমোদন করা হয়েছে এবং দাপ্তরিক কাজ শুরু করা হয়েছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের সেসন শুরু করার ক্ষেত্রে অবকাঠামোগত কোন সমস্যা নেই।
মুজিবনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেহেরপুরবাসীর দাবী ও বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে ৫ টি অনুষদের অধীনে ৫টি বিভাগ চালু করার অনুমোদন চেয়ে বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশন বরাবর আবেদন করে।
আবেদনকৃত অনুষদ ও বিষয়গুলো হলো ফ্যাকাল্টি অব ইন্জিনিয়ারিং এর অধীনে কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগ, ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্সের অধীনে প্লান্ট সায়েন্স, ফ্যাকাল্টি অব সোস্যাল সায়েন্সের অধীনে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ, ফ্যাকাল্টি অব ল এর অধীনে ডিপার্টমেন্ট অব ল, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অধীনে ডিপার্টমেন্ট অব টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।
উপরোক্ত বিষয়গুলো অনুমোদন পেলে মেহেরপুরবাসীর প্রাণের দাবী ও আকাঙ্খা মুজিবনগর বিশ্ববিদ্যালয় দ্রুত তাদের একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবে। মেহেরপুরের সকল শ্রেণী পেশার মানুষের দাবী খুব দ্রুত বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশন কর্তৃক সাবজেক্ট অনুমোদন পেয়ে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করে মেহেরপুর তথা এই অঞ্চলের উচ্চশিক্ষার পথ সুগম হোক।
মুজিবনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেলার অন্যতম শিক্ষা সংগঠক ও সন্ধ্যানী সংস্থার নির্বাহি পরিচালক আবু জাফর বলেন, মেহেরপুর আমার স্বপ্ন। স্বাধীনতার উদয় রবিকে বুকের ভিতর ধারণ করে ইতিহাসের পাতায় স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে মুজিবনগর। আমি মুজিবনগর খ্যাত মেহেরপুর জেলার একজন ব্যক্তি হিসেবে গর্ববোধ করি। আর এই ঐতিহাসিক স্থান পেয়েছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়।
অনুমোদন প্রাপ্তির ফলে ভাইস চ্যান্সেলর অফিসিয়াল কাজ চালিয়ে গেলেও শুরু হয়নি একাডেমিক সেশন ও ভূমি অধিগ্রহণ। মুজিবনগর বিশ্ববিদ্যালয় মেহেরপুর জেলার জন্য আবেগের প্রতিষ্ঠান। তাই অতি দ্রুত ভূমি অধিগ্রহণ এবং একাডেমিক সেশন শুরু হবে এই প্রত্যাশা রাখি। সেই সাথে মুজিবনগর বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের মধ্য দিয়ে মেহেরপুরের মুখ উজ্জ্বল হবে।
মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল আমিন জানান, মেহেরপুর তথা সারাদেশের উচ্চ শিক্ষার পথ আরও সম্প্রসারণ করতে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমীক কাজ শুরু করা প্রয়োজন। চলতি বছর থেকেই সম্ভব হলে কার্যক্রম চালু করলে শিক্ষার্থীরা উপকৃত হতো। মেহেরপুর জেলা দেশের সীমান্তবর্তী একটি জেলা। এ জেলায় শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মেহেরপুরের মানুষ অপেক্ষা করছে এ জেলায় মুজিবনগর বিশ্ববিদ্যালয় চালু করার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষায় গুনগত পরিবর্তন হবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমীক কার্যক্রম চালু করা করা বিষয়ে মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ নজরুল কবীর জানান মেহেরপুরের মানুষের প্রাণের দাবী উচ্চ শিক্ষার পথ সম্প্রসারণ করতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গঠনসহ বিভিন্ন বিষয়ের অনুমোদন দিয়ে এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা।
তিনি জানান, মেহেরপুর জেলার একজন নাগরিক হিসেবে আমি চাই দ্রুততম সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমীক কার্যক্রম চালু হোক। তিনি বলেন আমি মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ হিসেবে যদি কোন সহযোগিতা প্রয়োজন হয় আমি সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। এই সেসনে সম্ভব না হলেও যদি আগামী সেসনে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমীক কার্যক্রম চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মেহেরপুর জেলা কৃষি, শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক অগ্রসর হচ্ছে। মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমীক কার্যক্রম চালুর মাধ্যমে এ অঞ্চলের মানুষ আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে তিনি জানান।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
