এইমাত্র পাওয়া

মুঠোফোন–ইন্টারনেট সেবায় করের বোঝা

নিজস্ব প্রতিবেদক।। মুঠোফোন সেবার ওপর বছর বছর কর বাড়িয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এখন মুঠোফোনে ১০০ টাকা ভরলে ২৮ টাকার মতো নিয়ে যায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ১০০ টাকা আয়ের ৫৪ টাকার বেশি কর ও ফি বাবদ চলে যায় সরকারের কোষাগারে। নতুন সরকার আবার মুঠোফোনে কর বাড়ানোর চিন্তা করছে।

এনবিআরের একটি সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকার মুঠোফোন সেবায় নতুন করে ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করতে পারে। বিষয়টি এখন সরকারের উচ্চপর্যায়ে বিবেচনাধীন। মোবাইল অপারেটররা জানিয়েছে, এই হারে সম্পূরক শুল্ক বাড়ানো হলে প্রতি ১০০ টাকা রিচার্জের (মুঠোফোনে ভরা) বিপরীতে সরকার শুধু কর বাবদ পাবে প্রায় ৩০ টাকা। তরঙ্গ, লাইসেন্স ও অন্যান্য ফি তো রয়েছেই।

আওয়ামী লীগ সরকার চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে, অর্থাৎ গত জুনে মুঠোফোন সেবার ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করেছিল। এখন সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ও সারচার্জ মিলিয়ে মোট করভার ৩৯ শতাংশের বেশি। একদিকে সরকার কর বাড়িয়েছে, অন্যদিকে মোবাইল অপারেটরগুলো সেবা মূল্য বাড়িয়েছে। এর মাশুল দিচ্ছে সাধারণ মানুষ।

মুঠোফোন সেবায় কর বৃদ্ধির মানে হলো, গ্রামের দরিদ্র মানুষকে এবং শহরের ধনী ব্যক্তিদের একই হারে কর দিতে হবে; বরং শহরের মানুষের খরচ তুলনামূলক কম। কারণ, তাঁরা ইন্টারনেটভিত্তিক বিভিন্ন অ্যাপ ব্যবহার করে কথা বলেন। গ্রামের মানুষের মধ্যে স্মার্টফোন ব্যবহারের হার কম। মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ গত অক্টোবরে এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে গ্রামে মুঠোফোন ব্যবহারকারীর মাত্র ২৬ শতাংশ স্মার্টফোন ব্যবহার করেন। বাকিরা ব্যবহার করেন ফিচার ফোন, যা বাটন ফোন নামে পরিচিত।

জানতে চাইলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের নীতি পরামর্শক (সমন্বয় ও সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যব প্রথম আলোকে বলেন, মুঠোফোন সেবায় কর বাড়ানোর বিষয়টি মন্ত্রণালয় থেকে পুনর্বিবেচনা করার অনুরোধ করা হবে। সরকার মোবাইল ইন্টারনেটের দাম কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

শিক্ষাবার্তা /এ/০৮/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.