রাজবাড়ীঃ বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপ কর্তৃক শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করতে রাজবাড়ী আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ রবিবার (৫ জানুয়ারি) রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার (আরএমটিএ) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই শীতকালীন ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত হবে। এর আগে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) একই অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা ছিল। তবে বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার উড্ডয়ন করতে না পারায় তা স্থগিত হয়।
জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা থেকে হেলিকপ্টারযোগে আজ রবিবার বেলা সোয়া ১১টার দিকে মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করবেন।
প্রধান উপদেষ্টাকে অনুশীলন স্থলে অভ্যর্থনা জানাবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম। প্রধান উপদেষ্টা ঘণ্টাব্যাপী ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করবেন। এরপর তিনি সমাপনী বক্তব্য দেবেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
ম্যানুভার অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডোসহ সব আর্মস ও সার্ভিসেস এবং বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
